জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তুরস্ক সফরে দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এ ছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের উপরাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক চূড়ান্ত হয়েছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে।সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
পররাষ্ট্রসচিব জানান, তুরস্ক সফরে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা রয়েছে। বৈঠকে দুই দেশের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হতে পারে।
সম্ভাব্য আলোচনার বিষয়বস্তু সম্পর্কে সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, সামরিক ও অর্থনৈতিক সহযোগিতার আওতায় নির্দিষ্ট বিনিয়োগ কিংবা ড্রোন কারখানা প্রতিষ্ঠার মতো বিষয় আলোচনায় আসতে পারে। এসব বিষয় সামরিক সহযোগিতার অংশ। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো যেতে পারে।
তুর্কি কোম্পানির সঙ্গে বাংলাদেশের অ্যাভিয়েশন ও গ্রাউন্ড হ্যান্ডলিং খাতে সহযোগিতার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, এটি কোনো দ্বিপক্ষীয় সফর নয়, বরং একটি সৌজন্য সাক্ষাৎ। সেখানে সাধারণ ও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য উন্নত দেশগুলোর কাছে ক্ষতিপূরণ এবং প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে বাংলাদেশের অবস্থানও তুলে ধরেন পররাষ্ট্রসচিব।
তিনি বলেন, উন্নত দেশগুলো আগে বাংলাদেশকে অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই সহযোগিতা আদায়ে যৌথ প্রচেষ্টার পাশাপাশি ক্ষতিপূরণের বিষয়েও বাংলাদেশ জোরালোভাবে নিজের অবস্থান তুলে ধরেছে।
উল্লেখ্য, বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে আগামী ১০ থেকে ১২ নভেম্বর সরকারি সফরে তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...